দেশে পৌঁছেছে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ, দাফন মুন্সীগঞ্জে
ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জনপ্রিয় তরুণ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। আজ রবিবার (১৭ মে) বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ভারতের চেন্নাই থেকে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মানবিক উদ্যোগ হিসেবে সম্পূর্ণ বিনা খরচে কারিনার মরদেহ দেশে আনার ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ। প্রথমে অন্য একটি এয়ারলাইনসের মাধ্যমে মরদেহ আনার চেষ্টা করা হলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরে ইউএস-বাংলা কর্তৃপক্ষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
পরিবার জানায়, বিমানবন্দর থেকে কারিনার মরদেহ প্রথমে নেওয়া হবে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের নিজ বাসভবনে। এরপর আজ রাতে বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার (১৮ মে) সকালে মরদেহ নেওয়া হবে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারিনার নানার বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে, লিভারজনিত মারাত্মক জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কারিনাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানকার ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৫ মে) গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতে নেওয়ার আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।
শিক্ষা জীবন শেষ করে ক্যারিয়ারের শুরুতে কারিনা কায়সার ‘এ’ লেভেল সম্পন্ন করার পর অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যান। তার আগে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের ইংরেজি বিভাগে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কারিনা। পরবর্তীতে তিনি অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনীত ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’ প্রজেক্ট দুটি দর্শক ও সমালোচকদের মাঝে বেশ প্রশংসিত হয়েছিল। তার এই অকাল মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
