অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের আবেদন: হাইকোর্টের আদেশ বৃহস্পতিবার
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের সার্বিক কর্মকাণ্ড ও সিদ্ধান্তের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর আগামী বৃহস্পতিবার (২১ মে) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
আজ রবিবার (১৭ মে) রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মুহাম্মদ মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ৪ মে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসিন রশীদ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বিষয়গুলো খতিয়ে দেখতে একটি স্বাধীন অনুসন্ধান বা তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
শুনানি শেষে এক ব্রিফিংয়ে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন:
“অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে এই রিট করা হয়েছে। তারা ১৮ মাসে অর্থনীতি, স্বাস্থ্যসহ দেশের সব ক্ষেত্রে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে বলে আমরা মনে করি। এ ক্ষেত্রে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ এর অধীনে একটি কমিশন গঠন হওয়া বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে কেউ এভাবে উৎখাত করতে না পারে।”
রিটকারী আইনজীবী মহসিন রশীদ জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে যা কিছু ঘটেছে তার সবকিছুর স্বচ্ছ তদন্ত চাওয়া হয়েছে। তদন্তের প্রক্রিয়া কেমন হবে তা সরকারই নির্ধারণ করবে। তিনি আরও জানান, অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে সরকারের কাছ থেকে নির্দেশনা (ইনস্ট্রাকশন) নেওয়ার কথা বলেছেন।
উল্লেখ্য, এর আগে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট করা হলেও হাইকোর্ট তা খারিজ করে দিয়েছিলেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টও অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে আদেশ দিয়েছিলেন। তবে এবার এই সরকারের ১৮ মাসের সার্বিক কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা নতুন এই রিটের দিকেই সবার নজর থাকছে আগামী বৃহস্পতিবার।
