হামে শিশুমৃত্যু রোধে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার দাবি সাইফুল হকের
দেশে হামে আক্রান্ত হয়ে বাড়তে থাকা শিশুমৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাইফুল হক। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ‘স্বাস্থ্যগত জরুরি অবস্থা’ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের মৃত্যু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, যা দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। আসন্ন ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় ঈদের ছুটিতে চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৫০০ ছাড়িয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। শুধু প্রচলিত চিকিৎসার ওপর নির্ভর না থেকে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অপুষ্টি, ডায়রিয়ার পাশাপাশি অন্য কোনো নতুন ভাইরাস বা জটিলতা এর সঙ্গে জড়িত কি না, তা দ্রুত খতিয়ে দেখতে গবেষক ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে কোটি মানুষের ঘরমুখী যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
