বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকীতে বাসদের শ্রদ্ধাঞ্জলি
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার (২৫ মে) কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পণ করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
এ সময় উপস্থিত ছিলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাসসহ কেন্দ্রীয় নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে বজলুর রশীদ ফিরোজ বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী। তিনি শুধু দ্রোহ ও সাম্যের কবিই নন, মানবতা, স্বাধীনতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার বার্তাও সাহিত্যে তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য ও চিন্তাধারা আজকের সংকটময় সময়ে সমাজকে পথ দেখাতে পারে। সাম্প্রদায়িকতা, হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মসহ সবাইকে আরও বেশি নজরুলচর্চার আহ্বান জানান তিনি।
