‘দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে, দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর’: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে বর্তমানে যত অপকর্ম ঘটছে, তার সবকিছুর পেছনে জামায়াতে ইসলামী জড়িত বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেছেন, এসব অপকর্ম জামায়াত করলেও তার দায় চাপানো হচ্ছে বিএনপি সরকারের ওপর।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে’
শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল আছে যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। তারা কখনোই মানুষের আস্থা ও বিশ্বাসের সঙ্গে থাকতে পারেনি। এ কারণে সরকারে যাওয়া তো দূরের কথা, উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও তাদের নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামেরই বিরুদ্ধে ভূমিকা পালন করে। রাজনীতিতে এরা এমনই একটি অংশ, মিথ্যা ছাড়া যাদের আর কিছু নেই।
সেই মহলটি ‘জামায়াতে ইসলামী’ উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন:
“তারা ইসলামকে নিয়ে ব্যবসা করে। বাংলাদেশে এখন যে অপকর্মগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা নিয়ে যদি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যত অপকর্ম হচ্ছে সেই অপকর্ম তারাই করছে। কিন্তু প্রসঙ্গটি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।”
নারী নির্যাতন ও মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগ
বক্তব্যে জামায়াতে ইসলামীর অতীত ও বর্তমান ভূমিকার তীব্র সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান দাবি করেন, এ দেশে সবচেয়ে বেশি নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি খুন ও হত্যা করেছে জামায়াতে ইসলামী।
এরাই যখন এখন মুখোশ পরে দেশের ভালো করতে নিজেদের উৎকর্ষতা তুলে ধরে, তখন দেশবাসীকে সতর্ক ও হুঁশিয়ার থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।
