Latestরাজনীতি

দেশ পরিচালনায় ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সরকার ব্যর্থ: আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি: বিএনপি সরকার দেশ পরিচালনায় এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি কনভেনশন সেন্টারে এনসিপি কুমিল্লা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি সরকার শুধু নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা ও মানুষের গণতান্ত্রিক দাবি বাস্তবায়নেই ফেল করেনি, বরং প্রশাসন পরিচালনায়ও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের যেকোনো ক্রাইসিস মুহূর্তে তারা সবসময় বাজে পারফর্ম করে।’

জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, ‘তারা বলেছিল দুই বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়বে না, অথচ দুই মাস যেতে না যেতেই দাম বাড়িয়ে দেওয়া হলো। বিদ্যুতের দাম বাড়ার অর্থ হলো প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়া। গ্যাসের দাম ১২০০-১৩০০ টাকা থেকে এখন প্রায় ১৯০০ টাকার কাছাকাছি। শেখ হাসিনার ১৭ বছরের আমলে যা বেড়েছিল, গত তিন মাসেই তারা সমপরিমাণ দাম বাড়িয়েছে।’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ‘মব জাস্টিস’ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপি মুখপাত্র বলেন, ‘ভোটের আগে বলা হয়েছিল নির্বাচনের পরই সব সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখছি না, বরং মব জাস্টিস ও অপরাধ আরও বেড়েছে। গত এক মাসে ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে ৬টি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়ে মব বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে তা বাড়ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই সরকারদলীয় লোকদের সম্পৃক্ততা দেখা যাচ্ছে।’

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও জাতীয় যুবশক্তির প্রধান তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব নাভিদ নওরোজ শাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *