ভারতীয় হাইকমিশনারের বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান। হাইকমিশনারের দেওয়া ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ সংক্রান্ত বক্তব্যটি দ্রুত স্পষ্ট করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে ড. শফিকুর রহমান লেখেন, “গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া।”
বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে।”
উদ্ভূত এই পরিস্থিতির দ্রুত সুরাহা দাবি করে জামায়াত আমির লেখেন, “আমরা আমাদের সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।”
নতুন ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের পরপরই তাঁর এমন মন্তব্য এবং এর বিপরীতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেতার এই প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।
