সমগ্র বাংলাদেশ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপ, এলাকায় উত্তেজনা

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এই হামলার শিকার হন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এই অতর্কিত হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী মসজিদ থেকে বের হলে একদল যুবক “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর এনসিপি নেতা সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেন,

“কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে!”

এই ঘটনার পর থেকে ঝিনাইদহ শহরের ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *