Latestরাজনীতি

আরো ২ মামলায় জামিন বহাল: নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে বাধা নেই

অনলাইন ডেস্ক

১৭ মে ২০২৬ | ১৭:৫১

হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা আরও দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রবিবার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

এই আদেশের ফলে সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রইল। তার আইনজীবীরা জানিয়েছেন, সব মামলায় জামিন পাওয়ায় এখন কারাগার থেকে আইভীর মুক্তিতে আইনি আর কোনো বাধা বা জটিলতা নেই।

আইনজীবী সূত্রে জানা গেছে, এর আগে বিভিন্ন সময়ে মোট ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। তবে পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার এই দুটি হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে একটি মামলায় গত ২ মার্চ এবং অপর মামলাটিতে ১২ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

আজ চেম্বার আদালতে এই দুই মামলার জামিনও বহাল থাকায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে কারামুক্ত হতে যাচ্ছেন নারায়ণগঞ্জের এই প্রভাবশালী সাবেক জনপ্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *