Latestরাজনীতি

এক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আর এক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে অভিনব পন্থায় হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘হিযবুত তাহরীর, উলাই’য়াহ বাংলাদেশ’-এর নামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদ হাসানকে মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একটি চিঠির মাধ্যমে শরিয়াহ আইন মোতাবেক তার মৃত্যুদণ্ড কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এই ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই নেতা ও তার পরিবার।

সংবাদমাধ্যমের হাতে আসা একটি চিঠি থেকে জানা যায়, জাহিদ হাসানকে উদ্দেশ্য করে চরমপন্থী দলটির শরিয়াহ বোর্ড এই হুমকি বার্তা পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, এর আগেও তাকে একটি চিঠি দিয়ে তাদের অনুগত হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যা তিনি অমান্য করেছেন। এছাড়া তার নির্দিষ্ট মোবাইল নম্বর সচল করে তাদের কাছে আত্মসমর্পণ করতে এবং ‘ইসলামী খেলাফত’ প্রতিষ্ঠার জন্য তাদের পথে আসার আহ্বান জানানো হয়েছিল।

চিঠিতে আরও দাবি করা হয়, গত বছরের ১৭ মার্চ (২০২৫) জাহিদ হাসানকে অপহরণ করার পর তার স্ত্রী মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে নেন। সে সময় পুলিশকে এই বিষয়ে কিছু না জানানোর প্রতিশ্রুতি দিলেও, পরবর্তীতে তার স্ত্রী সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেন। এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয় (অভিযোগ নং: R ৬১২, তারিখ: ১৯/০৩/২৫)।

 

প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং তাদের নির্দেশনা অনুযায়ী না চলায় উগ্রবাদী সংগঠনটি ক্ষুব্ধ হয়ে তাদের শরিয়াহ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জাহিদ হাসানকে ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি’ হিসেবে ঘোষণা করেছে এবং তাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দিয়েছে।

ভুক্তভোগী জাহিদ হাসানের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং এই বিষয়ে তেজগাঁও থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। রাজধানীজুড়ে উগ্রবাদী দলগুলোর এমন তৎপরতায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *