শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল
শরীয়তপুর: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা শরীয়তপুর জেলা শহরে একটি ঝটিকা মিছিল করেছেন। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার পর শহরের প্রধান সড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
ইতিমধ্যেই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা তাঁদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, আজ ভোরে শহরের আমিনবাগ এলাকা থেকে ৪০-৫০ জন ব্যক্তি একটি ব্যানার হাতে প্রধান সড়কে ওঠেন। পরে জেলা শিল্পকলা একাডেমির সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব ও স্লোগান দিতে দেখা যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারকে। মিছিল চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর প্রকাশ্যে তাদের কোনো বড় কর্মসূচি দেখা না গেলেও, বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ এবং বিশেষ দিবসগুলোতে ছোটখাটো কর্মসূচি পালন করতে দেখা গেছে। এসব ঘটনার পর সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও হয়েছে।
এই বিষয়ে শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, নিষিদ্ধ কোনো সংগঠন শহরে মিছিল করেছে এমন সুনির্দিষ্ট তথ্য এখনো পুলিশের কাছে আসেনি। তবে বিষয়টি গুরুত্বের সাথে যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
