নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে আজ এনসিপির বিক্ষোভ কর্মসূচি
জাতীয় নাগরিক পার্টি-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। আজ শনিবার (২৩ মে) বিকেল ৪টায় রাজধানীতে এ কর্মসূচি পালন করা হবে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা পর্যায়েও একই সময়ে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সাংগঠনিক নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করেন দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান রাজনৈতিক সহিংসতা ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আয়োজন করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, দেশের জেলা কমিটিগুলোকেও নিজ নিজ এলাকায় নির্ধারিত সময়ে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।
