আবারও সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ রাখার নির্দেশ
ঢাকা: দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের সময় পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, আজ সোমবার (১ জুন) থেকে দেশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে বিলবোর্ডের আলোকসজ্জা, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ইতিপূর্বে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও মার্কেট রাত ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে সাময়িকভাবে এই সময়সীমা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।
ঈদের বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে পূর্বের মূল সিদ্ধান্তটি পুনরায় কার্যকর করার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফলে এখন থেকে সব শপিংমল, মার্কেট ও বিপণিবিতান আগের নিয়মে সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ নিশ্চিত করতে হবে।
এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। মেলা, বাণিজ্য মেলা ও যেকোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই একই সময়সীমা (সন্ধ্যা ৭টা) প্রযোজ্য হবে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্তৃপক্ষ ও মাঠ প্রশাসনকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
